রাজনীতি
চাঁদাবাজি করতে গেলে পিলারের সঙ্গে বেঁধে রাখবেন: মাসুদ
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, কেউ চাঁদাবাজি করতে গেলে তাকে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে সংবাদ জানাবেন। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে বাউফল ফাউন্ডেশন আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজ সংসদীয় এলাকা বাউফলকে চাঁদাবাজমুক্ত করতে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, মাদক কারবারি, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষকের কোনো ঠাঁই বাউফলে হবে না। বাউফলে থাকতে হলে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজি ছেড়ে রমজান মাসে তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে। নয়তো প্রশাসন বাউফলবাসীর নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম। ফাউন্ডেশনের সদস্য মো. নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন, শায়েখ জামাল উদ্দিন, সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসাইন এবং বাউফল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস এম রুহুল আমিন।
আরও বক্তব্য দেন, ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, জামায়াতের বাউফল উপজেলার সহকারী সেক্রেটারি রেদওয়ান উল্লাহ, বাউফল ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, এলজিইডির সাবেক প্রজেক্ট ডিরেক্টর সেলিম, মুফতি জাকির হোসাইন প্রমুখ।
