Connect with us
Porikromanews 728x60 Banner

অর্থনীতি

বরগুনায় ইকোনমিক জোন গঠনে আশাবাদ: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

Published

on

বরগুনা প্রতিনিধি: উপকূলীয় জেলা বরগুনা-কে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে একটি ইকোনমিক জোন স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, এমন উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।রোববার (২২ মার্চ) সকাল ১১টায় বরগুনার ক্রোক এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সরকার দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছে এবং এর অংশ হিসেবেই সম্ভাবনাময় অঞ্চলগুলোতে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।চিফ হুইপ দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যা দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করেছে। তিনি বলেন, সেই অর্থ দেশেই বিনিয়োগ করা গেলে একাধিক জাতীয় বাজেট বাস্তবায়ন সম্ভব হতো।কৃষিখাতে উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বরগুনার খালগুলো পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এর ফলে সেচব্যবস্থা উন্নত হবে এবং কৃষকরা এক ফসলি জমিতে একাধিক ফসল উৎপাদনের সুযোগ পাবেন, যা খাদ্য উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব। এতে বৈদেশিক আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।পরে দুপুরে বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, বঙ্গোপসাগর ও সুন্দরবন অঞ্চলে জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।উপকূলীয় অঞ্চলের উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আদলে উপকূলীয় জেলাগুলোর জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

💬 Click to view comments