Connect with us
Porikromanews 728x60 Banner

বিনোদন

বিবাহিত নারীদের গানের স্বপ্ন পূরণে আসছে ‘বঁধুয়ার গান’

Published

on

বিবাহিত নারীদের সুপ্ত সংগীত প্রতিভা তুলে ধরতে নতুন একটি সংগীতভিত্তিক রিয়েলিটি শো নিয়ে আসছে কিংবদন্তি মিডিয়া। ‘বঁধুয়ার গান’ নামের এই আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করবেন দেশের জনপ্রিয় তিন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।এরই মধ্যে গত ১২ মে থেকে প্রতিযোগিতার অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। আগামী ৬ জুন পর্যন্ত আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। অংশগ্রহণকারীদের নিবন্ধনের জন্য ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল পর্ব। পরবর্তীতে অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভিতে প্রচার করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগী পাবেন ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকা এবং একটি মিউজিক ভিডিও নির্মাণের সুযোগ। এছাড়া প্রথম রানারআপের জন্য রাখা হয়েছে ৫ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ পাবেন ২ লাখ টাকা।আয়োজকদের ভাষ্য, বিয়ের পর অনেক নারী সংসার ও পারিবারিক ব্যস্ততায় নিজেদের সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে যান। তাঁদের ভেতরে লুকিয়ে থাকা শিল্পীসত্তাকে আবারও সামনে আনার লক্ষ্যেই এই আয়োজন। তারা মনে করছেন, ‘বঁধুয়ার গান’ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি নারীদের আত্মবিশ্বাস ও স্বপ্নকে নতুনভাবে জাগিয়ে তোলার একটি উদ্যোগ।অনুষ্ঠানটি নিয়ে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশের গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে অনেক সংগীত প্রতিভা ছড়িয়ে আছে। অনেক বধূ আছেন, যাঁরা সুযোগের অপেক্ষায় গান গাইতে পারছেন না সবার সামনে। সেই নারীদের জন্য এই রিয়েলিটি শোর আয়োজন। আপনারা কেউ মিস করবেন না। আমি থাকব, আপনাদের গান শুনব। আশা করছি সবাই সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসবেন।’এদিকে রিজিয়া পারভীন বলেন, ‘গৃহবধূদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম নিয়ে আসছি আমরা। বিবাহিত নারীরা যাঁরা আছেন, তাঁরা যে পেশাতেই থাকুন না কেন, আপনাদের সবার জন্য এই বঁধুয়ার গান। আশা করছি দারুণ একটি আয়োজন হবে।’

💬 Click to view comments