অপরাধ
বরগুনায় ডিবির পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার!
বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, পিপিএম–এর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।অভিযান–০১ ২ ডিসেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) বিকাশ কর্মকারের নেতৃত্বে পুলিশ বরগুনা সদর থানার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের কেওড়াবুনিয়া বাজারসংলগ্ন ব্রীজ এলাকায় অভিযান চালায়। এসময় সুজন শিকারী (৩০) নামে এক ব্যক্তিকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।অভিযান–০২একই দিন আরেকটি অভিযানে এসআই (নিঃ) বিকাশ কর্মকারের নেতৃত্বে ডিবি দল বরগুনা সদর থানার ২নং গৌরিচন্না ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ উত্তর মনষাতলী এলাকায় অভিযান পরিচালনা করে। জনৈক মোখলেস হাং–এর স্ব-মিল সংলগ্ন স্থান থেকে মোঃ হুমায়ুন (৩৮) নামে এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান আরও জোরদার করা হবে।
