অপরাধ
কোস্টগার্ডের হানায় মিয়ানমার পাচারের পথে ৭ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের বাকখালী নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন ধরনের ওষুধসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মিয়ানমারের উদ্দেশ্যে চোরাপথে পাচারের জন্য বহন করা এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাকখালী নদীর তীরঘেঁষা এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে পাচারের প্রস্তুতিতে থাকা বিপুল পরিমাণ নিত্যপণ্য ও ওষুধ উদ্ধার করা হয় এবং বোটে থাকা ৬ জনকে আটক করা হয়।কোস্ট গার্ড জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে জলপথে সক্রিয় চোরাচালান সিন্ডিকেটের সদস্য। শুল্ক-কর ফাঁকি দিয়ে পণ্যগুলো মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।অভিযান শেষে উদ্ধারকৃত পণ্য, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ৬ জনকে আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করবে।”
