জাতীয়
জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়—প্রশ্ন ড. মিজানুর রহমান আজহারির!
রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন,“রক্তাক্ত জুলাই-পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ! জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।”পোস্টের মন্তব্যে তিনি আরও বলেন,“এই ঘটনা গোটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল। সরকার ও প্রশাসনকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। জনমনে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ কাম্য।”এর আগে শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় অস্ত্রধারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হামলার কারণ ও পরিকল্পনাকারীদের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।
