অপরাধ
মায়ানমারে পাচারের সময় ডিজেল ও সিমেন্টসহ বোট আটক, নৌবাহিনীর অভিযানে ১১ জন গ্রেপ্তার!
চট্টগ্রাম প্রতিনিধি ॥
বঙ্গোপসাগরে অবৈধ পাচারবিরোধী অভিযানে ১০০০ লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) নিয়মিত টহল কার্যক্রম চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত বোটের গতিবিধি লক্ষ্য করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ ও আশপাশের সমুদ্র এলাকায় টহল জোরদার করা হলে নৌবাহিনীর যুদ্ধজাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪২ নটিক্যাল মাইল দূরে একটি মাছ ধরার বোট শনাক্ত করে।
নৌবাহিনীর পক্ষ থেকে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামের বোটটি আটক করা হয়। তল্লাশিতে বোটটির ভেতর থেকে ১০০০ লিটার ডিজেল ও ৬৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, অধিক মুনাফার আশায় তারা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য সমুদ্রপথে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় পাচারচক্রের সঙ্গে জড়িত মোট ১১ জনকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উপকূলীয় এলাকায় চোরাচালান, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
