বিশেষ সংবাদ
খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হওয়া যশোরের যুবক তুহিনের মৃত্যু!
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া যশোরের যুবক মনিরুজ্জামান তুহিন (৪০) মারা গেছেন। শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত তুহিন যশোর জেলার মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।তিনি জানান, মনিরুজ্জামান তুহিন বিএনপির একজন নিবেদিত সমর্থক ছিলেন। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও তিনি দলের কোনো আনুষ্ঠানিক পদে ছিলেন না। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা ছিল। সেই ভালোবাসা থেকেই তিনি ঢাকায় জানাজায় অংশ নিতে যান।জানাজার সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে তুহিন অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে তার মৃত্যু হয়।তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
