Connect with us
Porikromanews 728x60 Banner

বিশেষ সংবাদ

চট্টগ্রামে নেভি মেডিকেল কলেজের যাত্রা শুরু!

Published

on

মোঃ শাজনুস শরীফঃ চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বানৌজা ঈসা খান সংলগ্ন ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজটির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথি, চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্টজন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনীর তত্ত্বাবধানে গড়ে ওঠা আধুনিক এই মেডিকেল কলেজটি উপকূলীয় অঞ্চলে চিকিৎসা শিক্ষা ও সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। কলেজটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর নির্ধারিত নীতিমালা অনুসরণ করে পরিচালিত হবে। ইতোমধ্যে চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক শিক্ষার্থী নিয়ে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস কোর্সের কার্যক্রম শুরু হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, দেশের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আরও জানান, দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে এটি সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

নেভি মেডিকেল কলেজের লক্ষ্য হচ্ছে এমন চিকিৎসক তৈরি করা, যারা সকল পরিস্থিতিতে কার্যকর চিকিৎসা সেবা দিতে সক্ষম হবে। বিশেষ করে দুর্যোগকালীন চিকিৎসা ব্যবস্থাপনা এবং সংক্রামক রোগ মোকাবিলায় গবেষণা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে উপকূলীয় দুর্যোগপ্রবণ অঞ্চলে দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তোলার পাশাপাশি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় স্বনির্ভরতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

কলেজটিতে আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত শ্রেণিকক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নৌবাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্বের সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠান দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে।

💬 Click to view comments