রাজনীতি
আলোচিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম গ্রেপ্তার!
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাবেক আলোচিত মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।পুলিশ সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম ২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল ঘাটে আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন। ওই মামলায় তিনি প্রায় ছয় মাস কারাভোগ করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১৪ সালে আদালত তাকে ওই মামলা থেকে খালাস প্রদান করেন।১০ ট্রাক অস্ত্র মামলায় নাম জড়ানোর পর থেকেই মরিয়ম বেগম স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনায় আসেন। খালাস পাওয়ার পর তিনি পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন।মরিয়ম বেগম টানা দুইবার আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১১ সালে তিনি বৈরাগ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালে অস্ত্র মামলা থেকে খালাস পাওয়ার পর নির্বাচনে অংশ নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো একই পদে নির্বাচিত হন।আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় তিনি ‘বদনী’ নামে পরিচিত ছিলেন। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
