জাতীয়
স্বামী ঠাট্টা করে ‘বানর’ বলায় অভিমানে স্ত্রী আত্মহত্যা!
স্বামীর একটি মন্তব্যে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের এক নারী। বুধবার সন্ধ্যায় ইন্দিরানগর এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় নিহত নারীর নাম তন্নু সিং (প্রায় ২৫)। তিনি স্বামী রাহুল শ্রীবাস্তবের সঙ্গে বসবাস করতেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সেদিন সন্ধ্যায় তন্নু তার পরিবারসহ আত্মীয়ের বাড়ি সীতাপুর থেকে নিজ বাসায় ফেরেন। বাসায় ফেরার পর পরিবারের সদস্যরা একসঙ্গে বসে গল্প ও হাসি-ঠাট্টা করছিলেন। এ সময় স্বামী রাহুল মজা করে তন্নুকে ‘বানর’ বলে সম্বোধন করেন বলে অভিযোগ ওঠে। এতে মানসিকভাবে আঘাত পেয়ে তন্নু অন্য একটি ঘরে চলে যান।রাহুল পেশায় একজন অটোচালক। পুলিশের কাছে দেওয়া বক্তব্যে তিনি জানান, ঘটনার কিছু সময় আগে তন্নু, তার বোন অঞ্জলি এবং অঞ্জলির ছেলে অভয় একসঙ্গে হাসি-ঠাট্টা করছিলেন। পরে তিনি খাবার আনতে বাইরে যান। ফিরে এসে তন্নুকে ডাকতে বললে অঞ্জলি গিয়ে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তিনি তন্নুকে অচেতন অবস্থায় দেখতে পান এবং চিৎকার শুরু করেন।চিৎকার শুনে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দরজা ভেঙে তন্নুকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি পারিবারিক পরিসরের মধ্যেই ঘটেছে এবং এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।পরিবারের সদস্যরা জানান, প্রায় চার বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তন্নু ও রাহুল, যা পরবর্তীতে দুই পরিবারই মেনে নেয়। এই দম্পতির কোনো সন্তান নেই। তন্নুর মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল বলেও পরিবার সূত্রে জানা গেছে।পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
