বিশেষ সংবাদ
মহাসড়কে উল্টে পড়ল কাভার্ডভ্যান, ঝরতে থাকা ডিজেল নিতে ভিড়
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে একটি কাভার্ডভ্যান উল্টে গেছে। দুর্ঘটনার পর তেলের ট্যাংক থেকে রাস্তায় ঝরতে থাকা ডিজেল বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উত্তরাঞ্চলগামী সিরাজুল মটরস নামের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এতে গাড়িটির সামনের অংশ সড়ক বিভাজকের ওপর উঠে যায় এবং সামনের দিক দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার সময় কাভার্ডভ্যানটির তেলের ট্যাংক মুচড়ে গিয়ে এক পাশে ছিদ্র হয়ে যায়। সেখান থেকে ডিজেল সড়কে পড়তে থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তাদের মধ্যে কয়েকজন তেলের ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিয়ে যান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি রেকার দিয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক করা হবে।
