আন্তর্জাতিক
তেহরানে বাসিজের চেকপোস্টে ইসরায়েলের বোমা হামলা
ইরানের রাজধানী তেহরানে আধাসামরিক বাহিনী বাসিজের বসানো চেকপোস্টগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আলজাজিরার খবরে বলা হচ্ছে, বাসিজের চেকপোস্টে হামলার ঘটনা এই যুদ্ধে ইসরায়েলের নতুন কৌশল। একই সময়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও যুক্তরাষ্ট্রের মধ্যেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।
গত জানুয়ারিতে ইরানজুড়ে হওয়া বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পর থেকেই তেহরানসহ সারা দেশে ভারী অস্ত্রে সজ্জিত চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সড়কে বাসিজ সদস্যদের টহলও বাড়ানো হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর এসব নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আইআরজিসি ঘনিষ্ঠ গণমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে, গত বুধবার রাত থেকেই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এসব চেকপোস্টে ড্রোন হামলা হচ্ছে। এতে কয়েকজন বাসিজ সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও খবর এসেছে।
পশ্চিমা একাধিক সংবাদমাধ্যমের খবরে এসেছ, অনেক ক্ষেত্রে ইরানি নাগরিকদের পাঠানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি কমান্ডাররা এসব হামলা চালিয়েছে। তবে ইরান সরকার তথ্য পাচার বন্ধের চেষ্টায় গত ১৬ দিন ধরে দেশটির ইন্টারনেট সেবা বন্ধ করে রেখেছে। এর ফলে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য কিছু বিকল্প সংযোগের কালোবাজার তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে এসব নেটওয়ার্কের মাধ্যমেই বাসিজের চেকপোস্টের তথ্য ইসরায়েলিদের কাছে পাঠানো হয়ে থাকতে পারে।
