আন্তর্জাতিক
নতুন আত্মঘাতী এআই ড্রোন আনল তুরস্ক, লক্ষ্য খুঁজে আঘাত হানবে দলবেঁধে
তুরস্কের শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার নতুন প্রজন্মের আত্মঘাতী ড্রোন ‘কে-২’ উন্মোচন করেছে। শনিবার ড্রোনটি বিশ্বের সামনে আনা হয়।
নতুন এই ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) উন্নত উড্ডয়ন ও লক্ষ্য নির্ধারণ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর ফলে ‘কে-২’ স্বয়ংক্রিয়ভাবে একাধিক ড্রোনের ঝাঁক গঠন করে অভিযান চালাতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর দৃশ্য শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে এটি নিজেই পথ নির্ধারণ, লক্ষ্য চিহ্নিতকরণ ও আঘাত হানার সক্ষমতা রাখে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ড্রোনটির দুই হাজার কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতে প্রায় দুশ কেজি ওজনের বিস্ফোরক বহন করা যাবে। আর উড্ডয়নের সময় সর্বোচ্চ আটশ কেজি ওজন বহন করতে পারবে। এছাড়াও এটি স্বল্প দৈর্ঘ্যের কিংবা অপ্রস্তুত রানওয়ে থেকেও উড্ডয়ন করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েনের সুযোগ দেয়।
বিশ্বের বিভিন্ন দেশে মানববিহীন আকাশযান রপ্তানির মাধ্যমে বায়কার ইতোমধ্যে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। তাদের ড্রোন তালিকায় রয়েছে কৌশলগত ড্রোন বায়রাকতার টিবি-২, দীর্ঘ উচ্চতায় লম্বা সময় ধরে উড়তে সক্ষম বায়রাকতার আকিনজি, জাহাজ থেকে পরিচালনাযোগ্য বায়রাকতার টিবি-৩ ও জেটচালিত যুদ্ধ ড্রোন বায়রাকতার কিজিলএলমা।
উন্মোচন উপলক্ষে প্রচারিত ভিডিওতে নতুন ‘কে-২’ ড্রোনকে উড্ডয়ন, একত্রে উড়া ও একযোগে অভিযান চালাতে দেখা যায়।
