অর্থনীতি
এবারের ঈদের আনন্দ ভিন্ন: অর্থমন্ত্রী আমীর খসরু
চট্টগ্রাম প্রতিনিধি:দেশের পরিবর্তিত রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের কারণে এবারের ঈদুল ফিতরের আনন্দ আগের তুলনায় ভিন্ন বলে মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।শনিবার (ঈদের দিন) সকালে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলী এলাকায় অবস্থিত উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদ-এ ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশে বসবাস করছে, যা এবারের ঈদের আনন্দকে আরও গভীর ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তিনি উল্লেখ করেন, “আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, নির্বাচন পরবর্তী সময়ে তা অনেকাংশে ফিরে এসেছে।”ঈদের আনন্দ প্রসঙ্গে তিনি বলেন, এ বছর মানুষ শুধু উৎসবের আনন্দই উপভোগ করছে না, বরং একটি স্বাধীন ও মুক্ত পরিবেশে সেই আনন্দ আরও তীব্রভাবে অনুভব করছে। তার মতে, নাগরিকরা যখন স্বাধীনভাবে কথা বলতে ও চলাফেরা করতে পারে এবং তাদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে, তখনই প্রকৃত আনন্দের অনুভূতি আসে।তিনি আরও বলেন, “মানুষ যদি মুক্ত পরিবেশে না থাকে, তাহলে ঈদের আনন্দও পূর্ণতা পায় না।”ঈদের নামাজ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁর পারিবারিক কবরস্থানে গিয়ে প্রয়াত মা-বাবার কবর জিয়ারত করেন।দেশবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার যে সংস্কৃতি রয়েছে, তা যেন অব্যাহত থাকে। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই যেন এই বন্ধন বজায় রাখে।”সবশেষে তিনি দেশবাসীকে ঈদ মোবারক জানান এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।
