সর্বশেষ
স্ত্রীর নির্যাতনে ইঁদুর মারার বিষ খেয়ে নিজেকে শেষ করলেন তরুণ
ভারতের পুনেতে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের হয়রানি ও নির্যাতনে ২০ বছর বয়সী এক তরুণ ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি একটি ভিডিও ধারণ করে তার ভোগান্তির বিস্তারিত তুলে ধরেন এবং সেটি তার বন্ধুর কাছে পাঠান। শুক্রবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে এনডিটিভি।বিষ খেয়ে আত্মহত্যাকারী ওই তরুণের নাম মোহাম্মদ সাদ আসিফ সাইয়্যদ। তিনি পুনের জামভুলওয়াড়ি এলাকায় থাকতেন।
প্রতিবেদনে বলা হয়, তার স্ত্রী করিমুন্নিসা ওরফে নিশা খানের সঙ্গে তার বিরোধ ছিল এবং স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে নির্যাতন করছিলেন।বৃহস্পতিবার সাদ নিজের মোবাইল ফোনে একটি ভিডিও ধারণ করেন, যেখানে তিনি নির্যাতনের বর্ণনা দেন এবং স্ত্রী নিশাসহ সাতজনের নাম উল্লেখ করেন।
এরপর তিনি ভিডিওটি মালেগাঁওয়ের এক বন্ধুর কাছে পাঠিয়ে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন।পুলিশ জানায়, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ইতিমধ্যে ওই সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার মধ্যে তার স্ত্রী নিশাও রয়েছেন। অভিযুক্ত অন্য ছয়জন হলেন- সারওয়ার ওরফে কাইফ খান, রেশমা কামরুখান, শামা জাভেদ শেখ, জাভেদ শেখ, আথারভা কালে এবং ইশিতা। ভিডিওটির ফরেনসিক পরীক্ষা করার জন্য সাইয়্যদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
