জাতীয়
চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনায়না’!
তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনায়না (INS SUNAYNA)’ শুক্রবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।বন্দর এলাকায় পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের অভ্যর্থনা জানান।

এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে অতিথি জাহাজকে স্বাগত জানায়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আলী হায়দার’ সেটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।সফরকালীন সময়ে ভারতীয় জাহাজটির অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া সফরের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। একইসঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ভারতীয় জাহাজটি পরিদর্শনের সুযোগ পাবেন।সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।উল্লেখ্য, সফর শেষে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনায়না’ আগামী ১০ মে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
