অপরাধ
বরগুনা জেলা প্রশাসককে হামলার চেষ্টায় যুবক আটক, অফিস সহকারী আহত
বরগুনা প্রতিনিধি :বরগুনা জেলা প্রশাসকের ওপর হামলার উদ্দেশ্যে কার্যালয়ে প্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় হামলাকারীর ব্যবহৃত দেশীয় অস্ত্রের আঘাতে জেলা প্রশাসক কার্যালয়ের এক অফিস সহকারী আহত হয়েছেন।ঘটনাটি ঘটে রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে। আটককৃত যুবকের নাম ইব্রাহিম (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।প্রত্যক্ষদর্শী ও আহত অফিস সহকারী জহিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা থেকে ওই যুবক জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিল এবং বারবার জেলা প্রশাসকের বিষয়ে খোঁজ নিচ্ছিল। সকাল ১০টায় অফিস খোলার পর তিনি জহিরুল ইসলামকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং দ্রুত জেলা প্রশাসকের কক্ষের দিকে দৌড়ে যান।এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে জহিরুল ইসলাম তাকে জিজ্ঞাসা করেন। পরে তার কোমরে একটি দেশীয় অস্ত্র (টিউবওয়েল খোলার রেঞ্চ) দেখতে পেয়ে সেটি সরিয়ে নিতে গেলে ইব্রাহিম তা ছিনিয়ে নিয়ে জহিরুল ইসলামের ওপর আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় ইব্রাহিমকে আটক করা হয় এবং পুলিশে খবর দেওয়া হলে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।বরগুনা সদর ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের ইউপি সদস্য এমদাদুল হক জানান, ইব্রাহিম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। এর আগেও তিনি নিজ বাড়িতে একাধিকবার ভাঙচুর ও হামলার ঘটনা ঘটিয়েছেন বলে জানান তিনি।বরগুনা থানা পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে ইব্রাহিমকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
