অপরাধ
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক!
চট্টগ্রাম, ২০ জানুয়ারি ২০২৬:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের অংশ হিসেবে টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. রফিক ওরফে বরমাইয়া রফিককে আটক করা হয়েছে।নৌবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাদক পাচারের উদ্দেশ্যে আসামির চলাচল সম্পর্কে নিশ্চিত হয়ে নৌবাহিনীর বিশেষায়িত অভিযানিক দল আলীখালী এলাকার জামাই বাজার সংলগ্ন এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়।একপর্যায়ে কুখ্যাত মাদক কারবারি মো. রফিক সিএনজি যোগে ওই এলাকায় উপস্থিত হলে তাকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে সিএনজি থেকে কোনো মাদক উদ্ধার না হলেও জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, মাদকের একটি বড় চালান তার দুই সহযোগীর মাধ্যমে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মাটির স্তুপের নিচে পুঁতে রাখা হয়েছে।তার দেওয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর অভিযানিক দল তাৎক্ষণিকভাবে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, আটক মাদক কারবারির বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারসহ একাধিক অভিযোগ রয়েছে।বাংলাদেশ নৌবাহিনী জানায়, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।নৌবাহিনী সূত্র আরও জানায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশের ৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টের মাধ্যমে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।
