অপরাধ
বরগুনায় ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও স্বাস্থ্য সহকারী আটক, ২০ দিনের কারাদণ্ড!
বরগুনার তালতলী উপজেলায় ইয়াবাসহ এক স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে আটক করেছে নৌবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের উভয়কে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে তালতলী উপজেলা শহরের মালিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন— তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসহাক আকন সবুজ এবং উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মো. আবুল কালাম।নৌবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে এক পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম, সীম কার্ড, মোবাইল ফোন এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয় আসামিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
