Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কুতুবদিয়া ও সন্দ্বীপে নৌবাহিনী প্রধানের মাঠ পর্যায়ের পরিদর্শন!

Published

on

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে মাঠ পর্যায়ের নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।বুধবার (৪ ফেব্রুয়ারি) নৌবাহিনী প্রধান চট্টগ্রামের কুতুবদিয়া ও সন্দ্বীপ উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।নৌবাহিনী সূত্রে জানা গেছে, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে দেশের ১৬টি সংসদীয় আসনের ২৫টি উপজেলায় নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করছে।পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান কুতুবদিয়া ও সন্দ্বীপে অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও ডিজিএফআই, এনএসআই, র‍্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। নৌবাহিনী প্রধান বলেন, সাধারণ জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্ঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন। পাশাপাশি নৌবাহিনী কন্টিনজেন্টের কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।নির্বাচনকে ঘিরে উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন্স এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া স্বার্থান্বেষী মহলের যেকোনো ধরনের অপতৎপরতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।নৌবাহিনী সূত্র জানায়, পর্যাপ্ত সংখ্যক ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান, নিয়মিত টহল এবং ফুট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।উদ্ভূত যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ও সোয়াডস টিম সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর।

💬 Click to view comments