জাতীয়
বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস!
মোঃ রাসেল মৃধা বেতাগী (বরগুনা) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে বেতাগী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাত ১২টা এক মিনিটে শুরু হওয়া এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা অফিসার ইনচার্জ, বিএনপি’র উপজেলা নির্বাচনী কমিটির আহ্বায়ক শাজাহান কবির খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিতে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত সবাই ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্য দিয়ে বেতাগীর সর্বস্তরের মানুষ ভাষা আন্দোলনের চেতনাকে নতুন করে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
