Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

গণভোট প্রচারে ইসির ব্যাপক প্রস্তুতি, ছাপা হচ্ছে ৮০ লাখের বেশি লিফলেট!

Published

on

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী গণভোটের প্রচার কার্যক্রম জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের সচেতন করতে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজারের বেশি ব্যানার প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, গণভোট সম্পর্কে ভোটারদের অবহিত করতে সারা দেশে লিফলেট বিতরণ এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইসি সূত্রে জানা যায়, গণভোটের প্রচারের অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও জনবহুল এলাকায় ১০ ফুট বাই ৪ ফুট আকারের প্রায় ১৫ হাজার ব্যানার টানানো হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের সামনে স্থাপনের জন্য ৩ ফুট বাই ৫ ফুট আকারের আরও ৪২ হাজার ৭৬৬টি ব্যানার প্রস্তুত করা হচ্ছে।এ ছাড়া প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে ছাপানো হচ্ছে। আগামী ৫ জানুয়ারি থেকে এসব লিফলেট সারা দেশে বিতরণ শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।ইসির অনুমোদিত ব্যানার ও লিফলেটে ভোটারদের সামনে একটি নির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। প্রশ্নটি হলো— ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবসমূহের প্রতি সম্মতি জ্ঞাপন করিতেছেন?’ ভোটাররা এর উত্তরে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে পারবেন।গণভোটে উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো— নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দুই কক্ষবিশিষ্ট সংসদ চালু, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত সংস্কার।এ ছাড়া জুলাই জাতীয় সনদে ঐকমত্য হওয়া মোট ৩০টি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য সংস্কার কার্যক্রম বাস্তবায়নের বিষয়ও গণভোটে অন্তর্ভুক্ত করা হয়েছে।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

💬 Click to view comments