Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপিত

Published

on

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সকল নৌ অঞ্চলে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ যোহর নৌ অঞ্চলসমূহের মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি প্রার্থনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও, কমান্ডার খুলনা নৌ অঞ্চল স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ’র সমাধিস্থলে ‘গার্ড অব অনার’ প্রদান এবং পুষ্পস্তবক অর্পণ করেন।এ বছর মহান বিজয়ের ৫৪তম বার্ষিকী উপলক্ষ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। দশ হাজার ফুট উচ্চতা থেকে ৫৪ জন দক্ষ প্যারা জাম্পার জাতীয় পতাকা বহন করে প্যারা জাম্প সম্পন্ন করেন। দিবসটিকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করে তুলতে জাতীয় প্যারেড স্কয়ারে মনোজ্ঞ ফ্লাই পাস্ট প্রদর্শিত হয়। নৌবাহিনীর সুদক্ষ প্যারা ট্রুপার ও চৌকশ পাইলটগণ সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে প্যারাজাম্প ও ফ্লাই পাস্টে অংশগ্রহণ করে অত্যন্ত সফলতার সঙ্গে তাদের সক্ষমতা ও নৈপুণ্য প্রদর্শন করেন।এই আয়োজনের মাধ্যমে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ সুপ্রশিক্ষিত নৌসদস্যরা তাদের উদ্যম, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাধ্যমে একটি শক্তিশালী ও আত্মবিশ্বাসী বাহিনী গঠনে দেশের জনগণকে আশান্বিত করে। একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্যান্য বাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর অর্কেস্ট্রা দল এবং চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ও খুলনার শহীদ হাদিস পার্কে নৌবাহিনীর সুসজ্জিত ব্যান্ড দল মনোমুগ্ধকর বাদ্য পরিবেশনার আয়োজন করে, যা তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।এছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এর মধ্যে ঢাকা সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, নৌ ইউনিট নারায়ণগঞ্জ নেভাল বার্থে বানৌজা শহীদ ফরিদ, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র জয়, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা পদ্মা, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা আবু বকর, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অদম্য এবং পটুয়াখালী পায়রা বন্দর জেটিতে বানৌজা কুশিয়ারা দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়ামও জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল।নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন এবং বাদ্য পরিবেশনা উপভোগ করে সর্বস্তরের জনগণ ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।

💬 Click to view comments