অপরাধ
বরগুনায় ডিবির অভিযানে ১৩৪ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার!
বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অভিযানে ১৩৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদারমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সৃজনশীল সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এই অভিযান আরও জোরদার করা হয়েছে।এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এসআই (নিঃ) বিকাশ কর্মকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানার ০২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকা থেকে মনির হোসেন সর্দার (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।এ সময় তার হেফাজত থেকে ১৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার ২০০ টাকা।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কেউই ছাড় পাবে না।
