জাতীয়
ব্যাংক ব্যালেন্স দুই হাজার ,নগদ অর্থ প্রায় ৩৬ লাখ টাকা, হলফনামায়ঃ মাসউদ!
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ তার অস্থাবর সম্পদের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী, তার ব্যাংক হিসাবে জমা রয়েছে মাত্র ২ হাজার ৫৫ টাকা এবং নগদ অর্থ রয়েছে ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা।হলফনামায় আব্দুল হান্নান মাসউদ তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ‘আলিম পাস’ এবং পেশা হিসেবে ‘ব্যবসা’ উল্লেখ করেছেন। তিনি ‘ডিজিল্যান্ড গ্লোবাল’-এর স্বত্বাধিকারী বলে জানিয়েছেন। তার বার্ষিক আয় ৬ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। নিজের বা পরিবারের কোনো ঋণ কিংবা দায়দেনা নেই বলেও হলফনামায় উল্লেখ করেন তিনি। এছাড়া তার বা তার পরিবারের নামে কোনো জমিজমার তথ্য দেখানো হয়নি।অস্থাবর সম্পদের বিবরণীতে নগদ অর্থ ও ব্যাংক জমার পাশাপাশি রয়েছে ১ লাখ টাকার ঋণপত্র, ৮ লাখ টাকার স্বর্ণালংকার, ১ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র। এসব সম্পদের অর্জনকালীন মূল্য মোট ৪৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা হলেও বর্তমানে বাজারমূল্য ৭৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসন থেকে তার বাবা আমিরুল ইসলাম মো. আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।হলফনামা অনুযায়ী, আমিরুল ইসলাম মো. আবদুল মালেক পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ২ লাখ টাকা বলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে।
