অপরাধ
সমুদ্রপথে মানবপাচার চেষ্টায় নৌবাহিনীর অভিযান, ২৭৩ জন আটক!
বঙ্গোপসাগরে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনের সময় ২৭৩ জন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় একটি কাঠের বোট এবং মানবপাচার চক্রের ১০ সদস্যকেও আটক করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর টহলরত জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ গত শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সেন্টমার্টিন্স থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে।নৌবাহিনী জাহাজ থেকে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে নৌবাহিনী দ্রুত ধাওয়া চালিয়ে বোটটিকে আটক করতে সক্ষম হয়। বোটটিতে থাকা ২৭৩ জনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেছিল।
নৌবাহিনী জানায়, আটক বোটে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এ অবস্থায় গভীর সমুদ্রে যাত্রা অব্যাহত থাকলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারত। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপে সম্ভাব্য একটি বড় মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।আটক বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, সমুদ্রপথে চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
