লাইফস্টাইল
আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে নারী পোশাক শ্রমিক নিহত!
শাকিল হুসাইন আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক থেকে ছিটকে পড়ে তাঞ্জিলা বেগম (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং এর চালককে আটক করা হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুল ইসলাম। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় নবীনগর–চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাঞ্জিলা বেগম সকালে শ্রীপুর এলাকা থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় কর্মস্থলে যাচ্ছিলেন। নবীনগর–চন্দ্রা মহাসড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২৫০৩৩) ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঞ্জিলা বেগম ইজিবাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে আটক করেন এবং চালক আব্বির হোসেনকে ধরে রাখেন। পরে সাভার হাইওয়ে থানা পুলিশ এসে ট্রাকটি জব্দ করে চালককে হেফাজতে নেয়। আটক চালকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত না হলেও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্রের সূত্রে জানা যায়, তিনি গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।সাভার হাইওয়ে থানার এসআই মুশফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
