অপরাধ
ট্রায়ালের নামে গাড়ি নিয়ে আত্মসাৎ, যুবদল নেতার বিরুদ্ধে গ্যারেজ মালিকের অভিযোগ!
রাজশাহীতে ট্রায়াল দেওয়ার কথা বলে একটি জিপ গাড়ি নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে মহানগর যুবদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত যুবদল নেতা এসএম সফিক মাহমুদ তন্ময় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত নেতা। অভিযোগের প্রায় দেড় মাস পার হলেও এখনো গাড়িটি ফেরত পাননি ভুক্তভোগী গ্যারেজ মালিক।ভুক্তভোগী নূর আহমদ রোববার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অভিযোগগুলো তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি জানান, নগরীর বন্ধগেট এলাকায় তার একটি গাড়ির গ্যারেজ রয়েছে। সেখানে তিনি গাড়ি মেরামতের পাশাপাশি বৈধভাবে গাড়ি কেনাবেচার ব্যবসা করেন।নূর আহমদের অভিযোগ অনুযায়ী, গত ১৮ নভেম্বর বিকেলে যুবদল নেতা তন্ময় তার গ্যারেজে এসে একটি জিপ (ঢাকা মেট্রো গ-০২-০৮৭০) পছন্দ করেন। দরদাম শেষে গাড়িটির মূল্য ছয় লাখ টাকা নির্ধারণ করা হয়। পরে ট্রায়াল দেওয়ার কথা বলে গাড়িটি নিয়ে যান তন্ময়; কিন্তু এরপর আর ফেরত দেননি।তিনি বলেন, নির্ধারিত সময় পার হলেও তন্ময় ফোন ধরেননি। পরদিন যোগাযোগ করলে তিনি কখনো মিটিংয়ে আছেন, কখনো দলের চেয়ারপারসনের অসুস্থতার কথা বলে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে ফোন বন্ধ করে দেন। পরে রাজশাহীতে ফিরে যোগাযোগ করা হলে তন্ময় তাকে হুমকি দিয়ে বলেন, “তোর যা করার আছে কর। আমি যুবদলের নেতা। থানায় গেলেও মামলা নেবে না। বেশি বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলব।”নূর আহমদ আরও অভিযোগ করেন, তিনি গত ১৪ ডিসেম্বর রাজপাড়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে ২২ ডিসেম্বর রাজশাহীর সিএমএম আদালতে তিনি মামলা দায়ের করেন। বিষয়টি মহানগর বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের জানানো হলেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাড়িটি তিনি লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানের কাছ থেকে কিনেছেন। এ সংক্রান্ত চুক্তিনামা ও বিআরটিএর সব বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। তিনি আরও দাবি করেন, এর আগেও তন্ময় প্রতারণার মাধ্যমে অন্য একটি গাড়ি আত্মসাৎ করেছিলেন এবং সে ঘটনায় একটি মামলা চলমান রয়েছে।অভিযোগের বিষয়ে যুবদল নেতা এসএম সফিক মাহমুদ তন্ময়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে কয়েক দিন আগে ফোনে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, গাড়িটি তিনি অচল অবস্থায় নিয়েছিলেন এবং নূর আহমদ এর আগেও অন্য একজনের কাছে গাড়িটি বিক্রি করেছিলেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন।এ বিষয়ে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সংগঠনের কেউ অপকর্মে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তন্ময়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে অবগত হয়েছেন এবং বিষয়টি কেন্দ্রীয় যুবদলকে লিখিতভাবে জানানো হবে।
