অপরাধ
সাভারে ভয়ংকর সিরিয়াল কিলার গ্রেফতার, ছয় খুনের স্বীকারোক্তি
সাভারে ভয়ংকর এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সম্রাট। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গত সাত মাসে ছয়টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে সম্রাট একের পর এক হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছে। হত্যাগুলো পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ড চেয়ে আবেদন করা হবে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
