Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

শিক্ষককে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Published

on

শরীয়তপুরের নড়িয়ায় এক প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে মিজান সিকদার নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। এতে আহত প্রধান শিক্ষক নুরুল আমীনের ডান হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুল আমীন রতন উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত মিজান সিকদার উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।

ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল আমীন রতন দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে দায়িত্বপালন করছেন। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। পথে ভোজেশ্বর বাজার এলাকায় পৌঁছলে মিজান সিকদারসহ অন্তত ১০ জন মোটরসাইকেলে এসে তার হাত ও পায়ে উপর্যুপরি আঘাত করেন। এতে তার ডান হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা রতনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শরীয়তপুর সদর হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের চিকিৎসক ডা. মফিজুর রহমান স্বপন বলেন, ওই শিক্ষকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান হাত ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মিজান শিকদার বলেন, ‘আমি এ বিষয়ে জানি না, বুঝি না, শুনি নাই। যারা রিউমার ছড়াচ্ছে, তাদের প্রশ্ন করেন। আমি কাল তার বিরুদ্ধে মানহানির মামলা করব, তখন সাক্ষাৎকার নিতে আইসেন।’

নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। কারা এ হামলার সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা চলছে। তিনি সুস্থ হলে বিষয়টি আরও পরিষ্কার হবে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

💬 Click to view comments