জাতীয়
সংসদ বসছে আজ, উঠবে অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আজ। নবনির্বাচিত সরকারের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পেশ করা হবে।বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে।বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। আর বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় প্রথম অধিবেশনে একজন জ্যেষ্ঠ বিএনপি নেতা সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।সংসদের প্রথম বৈঠক শুরু হওয়ার পর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন। তাদের নির্বাচনের পর শপথগ্রহণের জন্য অধিবেশন ১৫ থেকে ২০ মিনিট মুলতবি করা হতে পারে। এরপর নবনির্বাচিত স্পিকার অধিবেশনে সভাপতিত্ব করবেন।
১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন, শোক প্রস্তাব, সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং রাষ্ট্রপতির ভাষণ মিলিয়ে নতুন সংসদের প্রথম দিনের কার্যক্রমে অনেকগুলো সূচি থাকছে।অধিবেশন সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে। প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল এবং অস্ত্র বা বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আওয়ামী লীগের সরকার পতনের আগে সবশেষ সংসদ অধিবেশন শেষ হয় ২০২৪ সালের ৩ জুলাই। সেটি ছিল বাজেট অধিবেশন, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন ও পাস করা হয়। এরপর ছাত্র-জনতার তুমুল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।বর্তমান সংসদ গঠিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন।অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন।
